ফেব্রুয়ারিতে প্রবাসী আয় ৩ বিলিয়ন ডলারের বেশি

Share

পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতরের প্রেক্ষাপটে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে ইতিবাচক প্রবণতা দেখা গেছে। সদ্য শেষ হওয়া ফেব্রুয়ারি মাসে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ৩.০২ বিলিয়ন ডলার (প্রায় ৩৭ হাজার কোটি টাকা)।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, রমজান ও ঈদকে কেন্দ্র করে পরিবারের বাড়তি খরচ মেটাতে প্রবাসীরা অতিরিক্ত অর্থ পাঠিয়েছেন। এর ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়ার আশা করা হচ্ছে।

তুলনামূলক তথ্য অনুযায়ী, গত বছরের ফেব্রুয়ারিতে প্রবাসী আয় ছিল ২৫২ কোটি ডলার। চলতি অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত প্রবাসীরা মোট ২,২৪৫ কোটি ডলার পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২১.৪ শতাংশ বেশি।

এ মাসের রেমিট্যান্স একক মাস হিসেবে দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রেকর্ড। জানুয়ারিতেও ৩.১৭ বিলিয়ন ডলার এসেছে। ডিসেম্বরে ৩.২২ বিলিয়ন ডলার এবং সর্বোচ্চ রেকর্ড ছিল গত বছরের মার্চে ৩.২৯ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৫.০৩ বিলিয়ন ডলার। ব্যাংক খাতের সংশ্লিষ্টরা জানান, অবৈধ হুন্ডি ব্যবসা কমে যাওয়ায় এবং ডলারের বিনিময় হার স্থিতিশীল থাকার কারণে প্রবাসী আয় এখন বৈধভাবে দেশের অর্থনীতিতে প্রবাহিত হচ্ছে।

আরও পড়ুন